রবিবার সন্ধ্যায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ যুবক। ঘটনা কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। নিহত যুবকের নাম পিংকু মিশ্র, বয়স প্রায় ৩০ বছর।জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে পিংকু মিশ্র এবং তার বড় ভাই সিঙ্কু মিশ্র একই বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী বোলেরো গাড়ির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, দু’জনই গুরুতর আহত হন।স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিংকু মিশ্রকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে তার ভাই সিঙ্কু মিশ্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।এদিকে পুলিশ ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
